পথ ও গন্তব্য

এক লোক – অফিসপাড়ায় – আমাকে বলেছিল,

সে ভালোবাসে টাকাকে।

আমি তাকে জিজ্ঞেস করেছিলাম,

আপনি কি টাকা ভাজি করে খান

নাকি গুলিয়ে শরবৎ করে খেতে পছন্দ করেন?

সে ছিল নিরুত্তর।

 

আরেকজন – সচিবালয়ের গেটে – আমাকে বলেছিল,

সে ক্ষমতাকে খুব পছন্দ করে।

আমি তার কাছে জানতে চেয়েছিলাম,

ক্ষমতা কি আপনাকে

দিতে পেরেছে ঐ দূর বারান্দার স্বপ্নকে এনে?

এ লোকটিও কোন উত্তর দেয়নি আমাকে।

 

আমার বন্ধু – কবিতা লিখতো সে – বলেছিল ডেকে,

আমি এ পৃথিবীতে শুধু শিল্পের জন্যই বেঁচে আছি ও থাকবো।

ওকে যখন প্রশ্ন করলাম –

মানুষের জন্য শিল্প

না শিল্পের জন্য মানুষ,

ও কথা এড়িয়ে চলে গিয়েছিল।

 

তোমরা গন্তব্যকে ভালোবেসো – পথকে নয়।

 

Leave a comment