ওজন কমানো ২: খেতে হবে মজার খাবার!

ওজন কমানোর কথা শুনলেই মাথায় আসে ডায়েটিং এর কথা, ক্যালরি খরচ এর কথা । তখন আর ইচ্ছা হয় না, এসব করতে। হতাশায় মন ভরে যায়। ডায়েট কন্ট্রোল করে ওজন কমানোর সমস্যা হল, ডায়েট কন্ট্রোল করা ছেড়ে দিলে আবার ওজন বাড়তে থাকে, খাবার নিয়ে সব সময় টেনশন করতে ভালও লাগে না আবার ডায়েট কন্ট্রোল এর খাবার গুলো খেতে ভালো লাগে না, মেজাজটাই খারাপ হয়ে যায়। একটু চিন্তা করুন তো , অনিচ্ছা নিয়ে যে খাবার আপনি খাবেন, সেটা কতটা গ্রহনযোগ্য? মনের উপর জোর করে এ খাবারগুলো খেলে কি তা দীর্ঘ মেয়াদী হবে ? আপনি সব খাবার খেতে পারবেন, তবে তা হতে হবে পরিমান মতো। ফাস্ট ফুড,বিরিয়ানি, সফট ড্রিঙ্কস,গরুর মাংস, খাশির মাংস কোন কিছুই বাদ দিবেন না। মনটাকে খুশী রেখে কাজ করলে, সেই কাজে সাফল্য আসে, করতেও ভালো লাগে। যখন খাবারটা খাবেন, তখন খেয়াল করবেন, পেটের দুই-তৃতীয়াংশ ( ২/৩) ভরে খাবেন আর বাকি এক-তৃতীয়াংশ (১/৩) খালি রাখবেন। আমাদের পাকস্থলী টা হল একটা বেলুনের মতো, একে খাবার দিয়ে যতো ফুলাবেন, সেটা তত ফুলবে। তাই চেষ্টা করতে হবে যেন বেলুনটা বেশি না ফুলে। এভাবে দুই-তিন মাস একটানা খেলে তা আপনার দৈনন্দিন জীবন- যাপনের অভ্যাস এ পরিনত হবে। একবার যদি তাতে অভ্যস্ত হয়ে যান, তাহলেই আপনার জয় নিশ্চিত, আর কোন কান-পড়া আপনাকে হারিয়ে দিতে পারবে না। এখানে আপনার মূল উদ্দেশ্য হবে জীবনযাপনের সাথে এই অভ্যাস গুলো গেঁথে ফেলা, যেন আপনি আমৃত্যু সেভাবে চলতে পারেন, তা যেন বাড়তি বোঝা বা ঝামেলা মনে না হয়। আরেকটি কথা না বললেই নয় যে , আপনি যদি মানসিক দিক থেকে স্বস্তিতে না থাকেন, তাহলে কোনভাবেই কোনকিছু করা সম্ভব নয়, একটি শান্তিপূর্ণ মনই পারে আপনার অভ্যাস গুলো গড়ে তুলতে। তাই মনকেও খুশি রাখুন, কোন সমস্যা থাকলে মানসিক ডাক্তার এর কাছেও যেতে পারেন।

আবার আমরা অনেকেই সঠিক নিয়মে খাই না, কখনও রাতে বা দুপুরে না খেয়ে থাকি, মনে করি, না খেলে বোধহয় ওজন কমবে। এ ধারনা একেবারে ভুল। মজার বেপার হল, যে কোন এক বেলা না খেলে ওজন আরও বাড়তে থাকে। আসলে কোন কিছু নিয়ে বেশি বাড়াবাড়ি প্রকৃতি সহ্য করে না। তাই স্বাভাবিক নিয়মেই করুন না কাজগুলো। শুধু শুধু বাড়তি ঝামেলা কেন করবেন। এখন উপরের কথাগুলো নিজের বিদ্যা – বুদ্ধি দিয়ে একটু ভাবুন…দেখবেন সমাধান আপনার হাতেই, যদি আপনি তা চান। আমি নিশ্চিত, আপনিই পারবেন ওজন কমাতে, ইন শা আল্লাহ। শুধু লাগবে আপনার স্বদিচ্ছা আর একজন সৎ চিকিৎসক।
……চলবে

……..ডাঃ তিনা শুভ্র

https://teenasuvrosworld.wordpress.com

(Life style Medicine )

Leave a comment